বরিশাল হোটেল আলী থেকে নারীসহ দুইজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক।।
বরিশাল নগরীর সদর রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় নাছিমা আক্তার নদী (৪০) নামের এক নারীসহ আরও এক যুবককে গ্রেপ্তার করে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যারাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর রোডে আলী ইন্টারন্যাশনাল হোটেলে এ অভিযান চালিয়েছেন।

গ্রেপ্তার নাছিমা চট্টগ্রাম আগ্রাবাদের মৃত বাবুল খানের স্ত্রী এবং অপর যুবক মো: শামীম খান বরগুনা জেলা রোগধন এলাকার মকবুল খানের পুত্র হলেও তারা উভয়ে বাগেরহাটের মংলা থানার ৯ নম্বর ওয়ার্ড কেওড়াতলা এলাকার পেয়ার আহম্মেদের বাড়ির ভাড়াটিয়া।

ডিবি পুলিশ অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর সদর রোডের এম আলী হোটেলে ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম হানা দেয়। পরে তারা সেখানকার ৩১৩ নম্বর কক্ষ থেকে নাছিমা নামের ওই নারীসহ যুবক শামীম আটক করে। এবং তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশের কাছে স্বীকার করে তাদের হেফাজতে কক্ষটিতে ইয়াবা মজুত আছে।

এসআই দেলোয়ার হোসেন জানান, স্বীকারোক্তি মতে হোটেলের তল্লাশি চালিয়ে কক্ষটি থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানা একটি মামলা করা হয়েছে।’