বসুরহাটে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ২৮

মোঃ ইব্রাহিম, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৮ জনকে আটক করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের পরিচয় কিংবা তারা কোন পক্ষের অনুসারী তা এখনও নিশ্চিত করেননি ওসি। সংঘর্ষে একজন নিহতের পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে বসুরহাটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর জানান, সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা চত্বরে মঙ্গলবার রাতে বসুরহাটের নবনির্বাচিত পৌর মেয়র কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা কাদের ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ১৩ জন ও আহত হয়েছেন আরও ৪০ জন।