বাগদাদ পুলিশের অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরাকের রাজধানী বাগদাদের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (২৬ জুলাই) ইরাকের ফেডারেল পুলিশের একটি অস্ত্রাগারে ঐ বিস্ফোরণ ঘটে। খবর আরব নিউজের

সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রচণ্ড তাপমাত্রা ও দুর্বল গুদামজাতের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় বাগদাদের ঐ অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঐ অস্ত্রাগার সেনা ঘাঁটির একটি অংশ, যা পুলিশ ও প্যারামিলিটারি উভয়েই ব্যবহার করে থাকে।

এর আগে গত বছরের আগস্টেও একই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল পুরো বাগদাদেই। ঐ দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো ২৯ জন। তবে রবিবারের বিস্ফোরণের ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরাকের প্যারামিলিটারি ফোর্স গত বছর একের পর এক বিস্ফোরণের ঘটনার দায় চাপিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর। কারণ সে সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল।