বাধা পেতে পেতে আমি আজ এই জায়গায়: উর্ফি জাভেদ

বিনোদন ডেস্ক।।
বিগ বস ওটিটিতে নজর কেড়েছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ। তবে তার সিনেমা বা অভিনয়ের থেকে বেশি তিনি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। চরম অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী উর্ফি জাভেদ।

স্বল্পবসন আর খোলামেলা দৃশ্যে পোজ দিয়ে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। তবে ট্রল আর সমালোচনার পরও কেন এই বোল্ড লুকে চলাফেরা করেন তা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান বলে বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি বলে দাবি করেছেন উর্ফি। তিনি বলেন, জিন্স পরায় নিষেধাজ্ঞা ছিল। বুক ঢাকতে হত ওড়নায়। বাধা পেতে পেতে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন পোশাকের বিষয়ে কারও বারণ মানতে রাজি নই আমি।

উর্ফি জানান, মুম্বাইয়ে বাড়ি খোঁজার ক্ষেত্রেও তাকে অপমান সহ্য করতে হয়েছে। অনেক বাড়িওয়ালা নাকি তাকে ভাড়া দিতে চাইতেন না।

কয়েকদিন আগেই উর্ফি জানিয়েছিলেন তিনি মুসলিম ছেলে বিয়ে করবেন না। তিনি বলেন, আমি কোনোদিন মুসলিম ছেলে বিয়ে করব না। আমি ইসলামে বিশ্বাস করি না। আমি কোনো ধর্মই অনুসরণ করি না। কে আমার প্রেমে পড়ল আর কে পড়ল না, তা আমি পাত্তা দিই না। যাকে আমার ইচ্ছে হবে তাকেই আমি বিয়ে করব।

এদিকে ‘বিগ বস’ শেষ হওয়ার পরে উর্ফি জাভেদ আখতারের আত্মীয় বলে খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই ভুল ভাঙতে মাঠে নেমেছিলেন জাভেদের স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি স্বয়ং। টুইটে তিনি লেখেন, ‘উর্ফি কোনোভাবেই আমাদের আত্মীয় নন। সে নিয়েও ট্রলের সম্মুখীন হতে হয় উর্ফিকে।