বানারীপাড়ায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ’র ইন্তেকাল

সাইদুল ইসলাম, বানারীপাড়া॥
বরিশালের বানারীপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃতি ফুটবলার শাহিন মাহমুদ(৪৫) আর নেই। ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যার পূর্বে তিনি পৌর শহরের বন্দর বাজারে আল-আমিনের ব্যটারীর দোকানে বসে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে বাজারের মধ্যেই নিজ বাসায় ফিরে যান। পরে সেখানে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সৈয়দ নাজমুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন(ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা,চার বোন,স্ত্রী ও একমাত্র কিশোর ছেলে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুম শাহিন মাহমুদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্র সংদের সাবেক জিএস প্রয়াত ওসমান গনি এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইলিউন্নেছা লিলি ওসমানের একমাত্র ছেলে। বুধবার (০৮ জুলাই) সকাল ৮টায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রথম ও সকাল ১০টায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।