বাবার ছবি

বাবার ছবি
-এ কে সরকার শাওন

আচার-অচরণে চলনে-বলনে
অবিকল সে বাবার মত!
স্নেহের শাসনে বিধি বারণে
আগলে সে রাখে সতত!

বাবা আজ না ফেরার দেশে
বাবার প্রতিচ্ছবি তাঁর মুখে!
নিষ্পাপ মধুর তাঁর হাসিতে
দুঃখ ভুলে ভাসি সুখে!

বাবার হাসি পূর্ণ-শশি
কমল-কোমল বিমল-অমল;
বাবার মুখ মলিন হলে
নিকষ কালো হয় এ ভূতল!

আপদে বিপদে দৈবপাকে
চোখমুদে বাবাকে স্মরি!
মহান আল্লাহর অশেষ কৃপায়
সব মুশকিল যাই উৎরি!

স্বর্গ থেকে অহর্নিশি
বাবা দেয় দোয়া-দিশা;
তাঁর দোয়াতে আঁধার কেটে
দূর হয় দুর্দিন অমানিশা!

বাবার মত অতি আপন
মা ছাড়া নেই ত্রিভুবনে;
বাবার মর্ম সবাই বোঝে
যখন সে স্মৃতি ততক্ষণে!

আমার বাবা আমার বিশ্ব
বাবা ছাড়া আমি নিঃস্ব!
গুনে-মানে ধ্যানে জ্ঞানে
বাবা গুরু আমি শিষ্য!

কবিতাঃ বাবার ছবি
কাব্যগ্রন্থঃ আপন-ছায়া
শাওনাজ, উত্তরখান, ঢাকা।
৭ নভেম্বর ২০২৯