বাবা পর’কীয়ায় লিপ্ত, পুকুরে ভাসছে ছেলে-মেয়ের লাশ

অপরাধ ডেস্ক।।
টাঙ্গাইলে একটি পুকুর থেকে আপন দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মে) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের শ্রীফলিয়াটা গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবিদা (১৪) ও রিফাত (১১) পৌর এলাকার পশ্চিম আকুর টাকুরপাড়ার আদম মণ্ডলের সন্তান।

জানা যায়, কিছুদিন আগে শিশু আবিদা ও রিফাতের বাবা আদম মণ্ডল ও মা ফাতেমা বেগমের মধ্যে ঝগড়া হয়। ওই সময় শিশু সন্তান দুটিকে নিজের কাছে রেখে ফাতেমা বেগমকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় আদম।

শুক্রবার আত্মীয় বাড়িতে যাওয়ার কথা বলে আবিদা ও রিফাতকে নিয়ে বাড়ি থেকে বের হয় সে। আজ দুপুরে শ্রীফলিয়াটা গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ পাওয়া যায়।

নিহতদের মা ফাতেমা বেগমের ভাতিজি জামাই আশিকুর রহমান দোলন জানান, ফুফু শাশুড়িকে কয়েকদিন আগে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। পরে শিশু দুটিকে রেখে দেয় তার কাছে । বেশকিছু দিন আগে তার ফুফু শাশুড়ি জানিয়েছেন যে, আদম আলী মণ্ডল পরকীয়ায় লিপ্ত। যার কারণে মাঝে মধ্যে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া জানান, নিহত শিশু দুটি বাবার সঙ্গে আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে আত্মীয় বাড়ির পাশেই একটি পুকুরে শিশু দুটির মরদেহ পাওয়া যায়। এ খবর পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে তাদের উদ্ধার মরদেহ করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।