বামনায় সোহেল সিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, এলাকার ডিস সংযোগ বন্ধ

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বামনা উপজেলা সদরের সোনাখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহেল সিকদারের নিজস্ব অফিস ও ডিস ব্যবসা প্রতিষ্ঠান (কন্ট্রোলার) ভাংচুর করেছে সরকার দলীয় নৌকা মার্কার সমর্থকরা। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ককটেল বিস্ফোরণ হয়েছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে। এ ঘটনায় ককটেল ও পিস্তল উদ্ধার করে স্বতন্ত্র ২ প্রার্থী সহ ২০ জনের নামে মামলা দিয়েছে ডিবি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহেল সিকদার (ঘোড়া) ও আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. ছগির চৌধুরীর (নৌকা) সমর্থকদের মধ্যে বুধবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দু’গ্রুপের মধ্যে কমপক্ষে ২০ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে বামনা থানা পুলিশ ও বরগুনার অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাখালী বাজারের জসিম জানান,প্রথমে নৌকার সমর্থকরা বাজারে এসে সোহেল সিকদারের নিজস্ব অফিস ও ডিস ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেছে। বর্তমানে তিন দিন ধরে এলাকার ডিস সংযোগ বন্ধ রয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সোহেলের বাবা উপজেলা আওয়ামী লীগের সদস্য সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ লতিফ সিকদার বলেন, তার ছেলের জনপ্রিয়তা দেখে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য নৌকার প্রার্থী ছগির চৌধুরী ও তার ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আমার ছেলের অফিসের মধ্যে অস্ত্র ককটেল রেখে এমন একটি মিথ্যা ষড়যন্ত্র করেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু একটি তদন্ত চাচ্ছেন প্রশাসনের কাছে।