বার্সাকে টপকে আবারও শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক।।
স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিল এখন হয়ে গেছে ইঁদুর-বিড়াল খেলা। একদিন বার্সেলোনা শীর্ষে তো পরদিনই সেটি ছিনিয়ে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। পরে নিজেদের খেলার দিন পুনরায় শীর্ষস্থানে বসছে বার্সেলোনা। এমনভাবেই শিরোপা নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে লা লিগা।

এই পালাবদলের খেলায় এবার টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। আগের দিন কষ্টার্জিত জয়ে শীর্ষস্থানে বসেছিল বার্সেলোনা। তাদেরকে ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না রিয়াল। নিজেদের ম্যাচ জিতে উঠে গেছে টেবিলের শীর্ষে।

বুধবার (২৪ জুন) রাতে নিজেদের ঘরের মাঠে রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে হারিয়েছে সার্জিও রামোসের দল। ম্যাচের দুই অর্ধে গোল দুইটি করেন তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং অধিনায়ক সার্জিও রামোস। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছেন রিয়াল।

ম্যাচের ১৯ মিনিটে আসে প্রথম গোল। তিন মিনিট আগে ব্যর্থ চেষ্টা করলেও, এবার লুকা মদ্রিচের কাছ থেকে পাস পেয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস। গোল করে জর্জ ফ্লয়েডের স্মরণে এক হাত বুকে ও অন্য হাতে মুষ্টিবদ্ধ করে আকাশপানে দিয়ে উদযাপন করেন ভিনিসিয়াস।

প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ব্যবধার দ্বিগুণ করেন রামোস। সাম্প্রতিক সময়ে বারবার পেনাল্টি থেকে গোল করলেও, এ ম্যাচে নিখুঁত ফ্রি কিক থেকে দলের সহজ জয় নিশ্চিত করেন রিয়াল অধিনায়ক। জয় পেলেও একটি চিন্তা হয়তো জিদানের পরিকল্পনায় বাধা হতে পারে।

বদলি হিসেবে নামা টনি ক্রুসসহ ৪ জন খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড। বাকিরা হলেন সার্জিও রামোস, লুকা মদ্রিচ এবং ফারল্যান্ড মেন্ডি। কার্ডের সংখ্যা বেড়ে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে এদের ওপর। তখন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ঝামেলায় পড়তে পারে রিয়াল।

আপাতত লিগের ৩১ ম্যাচ শেষে ২০ জয় ও ৮ ড্রতে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচ সমান পয়েন্ট থাকলেও দুই নম্বরে বার্সেলোনা। কেননা চলতি লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।