বার্সাকে রুখে দিলো সেভিয়া

স্পোর্টস ডেস্ক।।
লা লিগায় সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে শিরোপা ভাগ্য নিজেদের হাতে রাখতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। বিবর্ণ ফুটবল খেলে ২০১১ সালের পর লিগে দুই দলের ম্যাচ এই প্রথম গোলশূন্য ড্র হলো। এতে ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন বার্সা কোচ কিকে সেতিয়েন, ম্যাচটি যে হারেনি তার দল।

স্প্যানিশ চ্যাম্পিয়নরা এখনো ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। তবে আগামীকাল রোববার (২১ জুন) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলেই তাদের জায়গা নেবে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১২তম মিনিটেই ভালো সুযোগ পেয়েছিল সেভিয়া। একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি জুল কুইন্দি। ফরাসি এই ডিফেন্ডার ২১তম মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিক হেড করে ব্যর্থ করে দেন।

এরপরই ২৫তম মিনিটে বার্সেলোনার আরেকটি সুযোগ হাতছাড়া হয়। শুরুর একাদশে ফেরা লুইস সুয়ারেসের শট ফেরাতে গিয়ে তালগোল পাকান সেভিয়া গোলরক্ষক। ছুটে যাওয়া মার্টিন ব্রাথওয়েট সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।

বিরতির পর ৫৫তম মিনিটে খুব কাছ থেকে লুকাস ওকাম্পোসের বুলেট গতির শট ফিরিয়ে বার্সেলোনার ত্রাতা মার্ক-আন্ড্রে টের স্টেগেন। এর দুই মিনিট পর জার্মান এই গোলরক্ষক মুনির এল হাদ্দাদির শটও ফিরিয়ে দেন।