বাড়িতেই রেস্টুরেন্ট স্বাদের ‘পেঁয়াজ সালাদ’ উপভোগ করুন

লাইফস্টাইল ডেস্ক।।
চিকেন থেকে ফিশ ফ্রাই সবকিছুতেই পেঁয়াজ সালাদ বেশ মানিয়ে যায়। আজকাল প্রায় সব রেস্টুরেন্টেই এই পেঁয়াজ সালাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেকোনো নন-ভেজ খাবারের সঙ্গে পেঁয়াজ সালাদ, আপনার লাঞ্চ হোক বা ডিনার জমিয়ে খির করে দেবে।

তবে এই মহামারির সময় রেস্টুরেন্টে না যাওয়াই ভালো। তারচেয়ে বরং ঘরে বসেই তৈরি করে নিন মজাদার এই সালাদ। সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সুস্বাদু রেস্টুরেন্ট ঘরানার এই সালাদ। জেনে নিন রেসিপি-

উপকরণ ও প্রণালী: প্রয়োজন মতো বড় মাপের পেঁয়াজ নিন। যতটা সম্ভব পাতলা রিং করে কাটুন। হাত দিয়ে রিংগুলো আলাদা করে নিতে ভুলবেন না। এই সালাদে কাঁচা মরিচগুলো সিদ্ধ করে নিয়ে কুচি কুচি করে কেটে নিন। এবার একটা পাত্রে কাঁচ মরিচ কুচি, কিছুটা পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চাট মশলা ও ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

সালাদের স্বাদ বৃদ্ধির জন্য তাতে একটু লেবুর রস মেশাতে পারেন। পেঁয়াজের প্রতিটি রিং-এ যাতে খুব ভালো করে মশলা লাগে সেদিকে খেয়াল রাখবেন। এবার পরিবেশনের পাত্রে পেঁয়াজ সালাদ রাখুন। অবশ্যই কিছু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিন।