‘বিএনপি ক‍্যানসার রোগে আক্রান্ত’

অনলাইন ডেস্ক।।
বিএনপি ক‍্যানসার রোগে আক্রান্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির এখন উচিত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা। আমরা রাজনৈতিক ক‍্যানসার চিকিৎসা মোকাবিলা করতে পারব।

শুক্রবার (১১ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাক, দেশের অর্থনীতি ভালো থাক, দেশের মানুষ সাহসিকতার সঙ্গে প্রত‍্যেকটা চ‍্যালেঞ্জ মোকাবিলা করুক- এটা বিএনপি চায় না। তারা দণ্ডিত ও অসুস্থ খালেদা জিয়া ও পলাতক তারেককে নিয়ে পড়ে আছে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে যাক, এতে তাদের কিছু যায় আসে না।

তিনি বলেন, ১৯৭৫ সালের পর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের মৌলিক সমস্যার সমাধান করেছেন। অন্যায়, অবিচার ও দুর্নীতির থাবা থেকে দেশকে ঘোরাতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা। ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ‍্যম আয়ের দেশে পরিণত হয়েছে শেখ হাসিনার মতো যোগ‍্য নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।

প্রতিমন্ত্রী পরে বিরলে চৌধুরীডাঙ্গা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, কালিয়াগঞ্জ বাজার হতে কামদেবপুর বাজার ভায়া এনায়েতপুর (ধর্মজৈন) সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন, কামদেবপুর হতে চকেরহাট সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, মিরাবন নোনাব্রিজ হতে বিশ্বনাথপুর জিপিএস পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ পরিদর্শন এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ পরিদর্শন করেন।