‘বিএনপি-জামায়াতের কাছ থেকে সতর্ক থাকুন’

অনলাইন ডেস্ক।।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি-জামায়াত ও তাদের দোসররা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তর করতে চায়, তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় তাদের বর্জন করতে হবে।’

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবার মিলিত রক্তশ্রোতের বিনিময়ে রচিত হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ সব মানুষের এই দেশ। সবাই মিলে যুদ্ধ করে আমরা এদেশ রচনা করেছি। আমাদের এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা হয়। যাতে কোনো সময় সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সতর্ক থাকার আহবান জানাচ্ছি।’

রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার সেন।

উদ্বোধক ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ স্বামী সনাতন ঋষি মহারাজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা।

বিমল কান্তি দে আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপেন নাথ, উত্তরজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নির্মল কান্তি দাশ, উপজেলা শাখার উপদেষ্টা বিধান বিশ্বাস, শৈবাল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, পৌর আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা নির্বানী তোষ সাহা ভাষ্কর, প্রদীপ সাহা, সুপায়ন সুশীল, দুলাল কান্তি দে, রিটন কান্তি দে, সুদীপ দাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।