বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিমানবাহিনী

স্পোর্টস ডেস্ক।।
মুজিববর্ষ বিজয় দিবস হকির ফাইনাল খেলবে বাংলাদেশ নৌবাহিনী, সেটা অনুমেয়ই ছিল। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে সোনালী ব্যাংককে ৪-২ গোলে হারিয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়েই তারা নিশ্চিত করেছে ফাইনাল।

নিজেরা শিরোপা লড়াইয়ে নাম লিখিয়ে অপেক্ষায় ছিল প্রতিপক্ষের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী ২-২ গোলে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করে উঠে যায় ফাইনালে।

রোববার বিকেল ৪টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীর দুটি গোল করেছেন আশরাফুল ইসলাম। একটি করে গোল মাইনুল ইসলাম কৌশিক ও দ্বিন ইসলাম ইমনের। সোনালী ব্যাংকের হয়ে গোল করেছেন রাজীব দাস ও রকি।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর গোল করেছেন দেবাশীষ কুমার রায় ও সোহানুর রহমান সবুজ। বাংলাদেশ সেনাবাহিনীর দুটি গোলই করেছেন মনোজ বাবু।