বিমান থেকে উদ্ধার হল জ্যান্ত সাপ!

আন্তর্জাতিক ডেস্ক।।
বিমানের পণ্যবাহী প্রকোষ্ঠে পণ্য বোঝাই করতে গিয়ে আঁতকে ওঠেন বিমানবন্দরের কর্মীরা। দেখেন, সেখানে রয়েছে প্রকাণ্ড এক সাপ। ভারতের দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, ভারতের ছত্তিসগড়ের রাজধানী রায়পুর থেকে দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে অবতরণ করে বিমানসংস্থা ইন্ডিগোর ফ্লাইট। এর পর বিমানটির উড়ে যাওয়ার কথা ছিল মুম্বাইয়ে।

সেই মতো বিমানের পণ্যবাহী প্রকোষ্ঠে পণ্য বোঝাই করতে গিয়ে দেখেন, সেখানে রয়েছে প্রকাণ্ড এক সাপ। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। ততক্ষণে বিমানে উঠে পড়েছেন যাত্রীরা। নিরাপত্তার খাতিরে তাদের বিমান থেকে নেমে যেতে বলা হয়। খবর দেওয়া হয় বনদফতরে।

বিধাননগর বনদফতরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করেন। সঙ্গে বিমানে তল্লাশি চালান তাঁরা। জীবাণুমুক্ত করা হয় বিমানটিকে। অন্য বিমানে মুম্বাই পাঠানো হয় যাত্রীদের।

কিন্তু বিমানের ভিতরে সাপ এল কোথা থেকে? বিশেষজ্ঞদের অনুমান, সাপটি আগে থেকেই বিমানের মধ্যে ছিল। অনেক সময় বিমান ব্যবহার না হলে পার্কিংয়ে রাখা হয়। সেজন্য সমস্ত বিমানসংস্থার নির্দিষ্ট জায়গা ভাড়া নেওয়া থাকে। অন্য কোনও বিমানবন্দরে বিমানটি যখন পার্কিংয়ে ছিল তখন কোনওভাবে বিমানের ভিতরে ঢুকে পড়ে সাপটি। অথবা আগের উড়ানে কোনও বস্তায় লুকিয়ে ছিল সেটি। ফ্লাইটের সময় বেরিয়ে পড়ে।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের দমদম বিমানবন্দরে বন্যপ্রাণীর উপদ্রব নতুন নয়। আকাশে পাখি, মৌমাছি, মাটিতে শিয়ালের উপদ্রব রুখতে আগেই ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবার উপদ্রবের নতুন নাম সাপ।