বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলী উপজেলায় মতি হাওলাদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (০৫ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মতি হাওলাদার তেতুলবাড়িয়া গ্রামের মৃত্যু মজিদ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের হারুন শিকদারের মেয়ে ময়ূরীর সাথে একই গ্রামের মতি হাওলাদারের সাথে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েকদিন আগে মতির এক আত্মীয় ময়ূরীর বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে ময়ূরীর বাবা হারুন শিকদার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। সর্বশেষ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ময়ূরীর বাড়ির সামনে মতিকে ঘুরাঘুরি করতে দেখলে ময়ূরীর বাবা মা ও ভাইদের সাথে কথার কাটাকাটি হয়, একপর্যায়ে মতিকে এলোপাতাড়ি মারধরও করে।

পরে সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা শহিদ খান নদীর পাড়ে মাছ ধরতে গেলে একটি গাছের সাথে মতির লাশ ঝুলতে দেখে স্থানীয়দের জানায়। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই হারুন শিকদারের পরিবারটি পলাতক রয়েছে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।