বিশ্বকাপের পর অ্যাশেজেও অনিশ্চিত বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক।।
বাঁহাতের আঙ্গুলে আবারও অস্ত্রোপচার করা হয়েছে বেন স্টোকসের। কয়েকমাস আগে মানসিক স্বাস্থ্যের কথা বলে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন। ফলে ইংল্যান্ডের অ্যাশেজ টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। এখন তো আঙ্গুলেই অস্ত্রোপচার করালেন, তাতে অস্ট্রেলিয়া সফরে স্টোকসের না থাকা এখন এরকরকম নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।

এপ্রিলে রাজস্থান রয়্যালসের হয়ে পাঞ্জাব কিংসের ক্রিকেটার ক্রিস গেইলের ক্যাচ ধরার সময়ে বাঁ-হাতের তর্জনী ভেঙে গিয়েছিল স্টোকসের। যে কারণে নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে পাওয়া যায়নি।

জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ইংল্যান্ডের পুরো টিমই করোনার কারণে আইসোলেশনে ছিল। সেই সময় ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়া ৯ জন ক্রিকেটারকে নিয়ে গঠিত ইংল্যান্ড দলের নেতৃত্ব দেন স্টোকস। সেই সিরিজে ৩-০ জেতে ইংল্যান্ড। তবে স্টোকসকে ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে খেলতে হয়েছিল সেই সময়ে। টি-টোয়েন্টি ব্লাস্টেও তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু দ্য হান্ড্রেড খেলার সময়ে চোটের জায়গায় সমস্যা এত বাড়ে যে তিনি দু’টো ম্যাচের পর আর খেলতে পারেননি। ২৬ জুলাই শেষ বার তিনি ২২ গজে নেমেছিলেন।