বিশ্বভারতীর জমি দখল নিয়ে মুখ খুললেন অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে কিছু লোকের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও। তবে অমর্ত্য সেন অভিযোগ অস্বীকার করে বলেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাকে কিছু না জানিয়ে আমার নাম দখলদারদের তালিকায় তুলেছে।

বাঙালি এ অর্থনীতিবিদ প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। খবর এইসময়ের।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এ বিতর্কে মুখ খুলে অমর্ত্য সেন বলেন, বিশ্বভারতীর জায়গায় আমাদের জমি আছে, ঠিক কথা। সেটা দীর্ঘ সময়ের জন্য আমাদের কাছে বন্দোবস্তি দেয়া হয়েছে। বন্দোবস্তির মেয়াদ এখনো শেষ হয়নি। মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে বন্দোবস্তি না নিলে তখন সেটাকে অবৈধ দখলদারিত্ব বলা যায়। কিন্তু বিশ্ববিদ্যালযের বর্তমান উপাচার্য অবৈধভাবে আমাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। অমর্ত্য সেন বিশ্বভারতীর এরকম তৎপরতার পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে বলেও দাবি করেছেন। তার মতে, তিনি সবসময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা বলেন। হয়তো মহলবিশেষের ক্ষোভ থেকেই তাকে সরাতে চেষ্টা শুরু হয়েছে।

এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছেন, তাদের কিছু জমি অবৈধ উপায় অবলম্বন করে কেউ কেউ ব্যক্তিগতভাবে নিজেদের নামে করে নিয়েছেন। তারা এ বিষয়ে একটি তালিকা প্রস্তুত করে। তালিকায় অন্য অনেকের সঙ্গে রয়েছে নোবেলবিজয়ী এই অর্থনীতিবিদের নামও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি রেকর্ডে মালিকানার ভুল রেকর্ডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের জমিকে ব্যক্তিগত নামে করে নেয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন ব্যবসায়িক কাজকর্ম শুরু হয়েছে।