বিশ্বে লাখ লাখ মানুষ ক্ষুধার কারণে মুত্যু ঝুঁকিতে রয়েছে: জাতিসঙ্ঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক।।
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, কোভিড -১৯ মহামারী ও জলবায়ু পরিবর্তনের হুমকি বৃদ্ধি এবং ক্ষুধার কারণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

নিরাপত্তা পরিষদের খাদ্য ও নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে বৃহস্পতিবার (১১ মার্চ) মহাসচিব বলেন, ‘তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখে পড়বে।’

গুতেরেস বলেন, তিন ডজনের বেশি দেশের ৩০ মিলিয়ন লোক দুর্ভিক্ষ ঘোষণা থেকে ‘মাত্র এক পা দূরে রয়েছে।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও কোভিড- ১৯ মহামারী এই পরিস্থিতি আরো তীব্র করেছে। মহাসচিব বলেন, ‘আমার একটি সাধারণ বার্তা হচ্ছে যদি আপনারা লোকদের খাবার দিতে না পারেন, আপনাদের সংঘাতের মুখোমুখি হতে হবে।’

২০২০ সালের শেষের দিকে অস্থিরতায় ৮৮ মিলিয়নের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি হয়। এ বছর এই অস্থিরতা আরো ২০ শতাংশ বাড়ছে। ২০২১ সালে এই সঙ্কট আরো তীব্র হতে পারে। সূত্র-বাসস।