বিশ্ব আবার ১৯ শতকের চেহারায় ফিরতে পারে: সাবেক বিশ্বব্যাংক প্রধান

আন্তর্জাতিক ডেস্ক।।
বর্তমান সংকট মোকাবিলায় সব দেশ একসঙ্গে কাজ না করলে বিশ্বের পরিস্থিতি আবারও ১৯ শতকের শুরুর মতো হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান রবার্ট জোয়েলিক। তার মতে, চীন-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের পথে অন্যতম প্রধান অন্তরায়।

যুক্তরাষ্ট্রের অন্যতম জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জোয়েলিক কর্মজীবনে ছয়জন মার্কিন প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন। তার মতে, অর্থনৈতিক মন্দা থেকে বিশ্বকে টেনে তোলার একমাত্র উপায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা।

একসময় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা এ অভিজ্ঞ অর্থনীতিবিদ জানান, তার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি। তিনি বলেন, ‘আমার মনে হয়, তাদের সম্পর্কের অধঃপতন চলছে এবং জানি না এর শেষ কোথায়। এটা খুবই বিপজ্জনক অবস্থা।’

সবাইকে সতর্ক করে বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান বলেন, ‘দেশগুলো বিশ্বায়ন থেকে পিছু হটা শুরু করলে এবং জাতীয়তাবাদী স্বার্থের পেছনে ছোটা বাদ না দিলে বিশ্বকে আবারও ১৯০০ সালের মতো দেখতে হতে পারে, যখন বড় শক্তিগুলো এক অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিল।’

অর্থনেতিক সংকট: ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ব ব্যাংক প্রধানের দায়িত্ব পালন করেছেন রবার্ট জোয়েলিক। ওই বছরগুলোতে বিশ্বজুড়েই ছিল চরম অর্থনৈতিক সংকট। বিশ্ব ব্যাংকের প্রধান থাকায় সেই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিভিন্ন দেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি।

জোয়েলিক বলেন, ‘২০০৮-০৯ সালের অর্থনৈতিক সংকট ছিল মারাত্মক ঘটনা। তবে জি২০ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো আমাদের সহযোগিতা করেছিল। (তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী) গর্ডন ব্রাউনের সঙ্গে (সংকট মোকাবিলায়) আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হয়েছিলেন প্রেসিডেন্ট বুশ এবং প্রেসিডেন্ট ওবামা।’

‘সত্যি বলতে, চীনেরও খুব শক্তিশালী প্রণোদনা কর্মসূচি ছিল এবং তারাও বিভিন্ন উপায়ে সাহায্য করেছে। আজ আমাদের সেই সহযোগিতার বোধটুকু নেই।’

বৈশ্বিক মহামারির জন্য চীনের দোষ না খুঁজে এর সমাধানের জন্য যুক্তরাষ্ট্রকে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন এ অর্থনীতিবিদ।

ট্রাম্পের দোষ: বিশ্ব পরিস্থিতি জটিল করে তোলায় রবার্ট জোয়েলিক যাকে সবচেয়ে বেশি দোষারোপ করেছেন, তিনি হচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং জর্জ এইচ ডব্লিউ বুশের অধীনে কাজ করেছেন জোয়েলিক। তবে রিপাবলিকানদের বর্তমান নেতৃত্ব নিয়ে নিজের অসন্তোষ ঢাকেননি এ মার্কিনি।

তিনি বলেন, ‘আমি শুরু থেকেই ট্রাম্পের বিরোধিতা করছি… শুধু তার নীতিগত অবস্থানের জন্যই নয়, বরং আমার যা মনে হয়- চারিত্রিক ত্রুটির কারণেও।’

জোয়েলিক বলেন, ‘প্রতিষ্ঠান ও সংবিধান নিয়ে তিনি কী করবেন তা নিয়ে আমার দুশ্চিন্তা ছিল। আজ সেটাই প্রমাণিত হয়েছে। আর বৈশ্বিক মহামারির মধ্যে আমরা আরেকটি মাত্র দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যোগ্যতার প্রশ্ন।’

সাবেক বিশ্ব ব্যাংক প্রধানের বিশ্বাস, মার্কিন জোট ও সুরক্ষাবাদ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের সন্দেহপ্রবণতা এশীয় উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। সূত্র-বিবিসি।