বিষন্নতায় ছুঁয়ে থাকা কবিতা

বিষন্নতায় ছুঁয়ে থাকা কবিতা
-মাহফুজা রিনা

দিনের পর দিন সময়কে সম্বল করে
তোমাকে ভেবেই কিছু না কিছু লিখছি,
মনে হয় তোমার সাথে দেখা হয়নি কতো সুদীর্ঘ কাল।
তবুও ভেবেছি, হ্যাঁ তোমাকেই ভেবেছি,
আর বারে বারে শিউরে উঠেছি তোমার স্পর্শ অনুভবে।

তবুও তোমাকে স্পর্শ করতে পারেনি আমার লেখা, আমার অপেক্ষা।
জানো! আমার এই অপেক্ষার চারা গাছে অযত্নে, অবহেলায়, অনাদরে
ফুটেছে অসংখ্য গুচ্ছ গুচ্ছ ফুল,
দিনে দিনে ঝড়ে পরেছে আর নিজেকে করেছে নিঃস্ব।

কবিতার বইয়ের পাতাগুলো নিরব নিস্তব্ধ,
শরীর মন ছুঁয়ে গেছে বিষন্নতা।
বিষন্নতায় ছুঁয়ে থাকা কবিতার পাতাগুলো নতুন করে নিজেকে সাজায়,
সে কি জানে?
কিছুই থাকে না, অবশেষে সবই হারায়, হারিয়ে যায়।

তোমার সাথে সত্যি আবার যেদিন দেখা হবে,
সেদিন, কবিতা থেকে অনেক দূরে দাঁড়িয়ে রবো আমি একা।