বিয়ে ও পরকীয়া নিয়ে যা বললেন অপূর্বর সাবেক স্ত্রী

বিনোদন ডেস্ক।।
অভিনেতা অপূর্বর বিয়ের খবরে শুভ কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। লিখেছেন, ‘চার বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেলো’। এর অর্থ হলো, অদিতির সঙ্গে সংসার চলাকালীন ওই মেয়ের সঙ্গে প্রেম ছিল অপূর্বর।

এখন আবার উল্টো অভিযোগ করা হচ্ছে অদিতি সম্পর্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বলা হচ্ছে, অপূর্বর সংসার করা অবস্থায় তার এক বন্ধুর সঙ্গে প্রেম করেন অদিতি। এমন পরিস্থিতিতে গণমাধ্যমের মুখোমুখ হলেন অদিতি।

তিনি বলেন, ‘বিভিন্ন ফেসবুকে গ্রুপ এবং পেজে অপূর্বর ফ্যানরা মিথ্যা গুজব ছড়াচ্ছেন। যেমন আমি পরকীয়া করেছি এবং আগে থেকেই প্ল্যান করে বিয়ে করেছি। এগুলো করে কোনো লাভ নাই। মিথ্যা কখনও সত্যি হয়ে যায় না। যদি এটা সত্যিই হতো তাহলে অপূর্ব পার্সোনালি সব ফ্যানদের নিষেধ করতো না এই ধরনের গুজব ছড়াতে।’

‘গতমাসে অপূর্ব বিয়ে করবে আমাকে জানালে আমি তাকে শুভ কামনা দেই। নতুন করে সুন্দর জীবন করার রাইট অবশ্যই তার আছে। কিন্তু হঠাৎ করে এই পরিচিত পাত্রীর ছবি দেখে আমি বেশ অবাক হয়েছি। চার বছর প্রেমে সফল হলো। এটা দারুণ ব্যাপার’- স্ট্যাটাসের সূত্র ধরে বলেন অদিতি।

এদিকে অদিতি যাকে বিয়ে করেছেন তিনি একটি কর্পোরেট হাউসে চাকরি করেন। নাম মাহবুব পারভেজ। অদিতি বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে সম্পূর্ণ পারিবারিকভাবে আমার বাবার বাড়িতে কাবিন সম্পন্ন হয়। তার সঙ্গে আমার পরিচয় অপূর্বের সঙ্গে ডিভোর্সের এক বছর পর।’

বিয়ে করে গোপন রাখার কারণ জানতে চাইলে অদিতি বলেন, ‘দ্বিতীয় বিয়ে নিয়ে আমার হইচই করার মতো মন মানসিকতা ছিলো না। ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা নিউজ দেওয়াটা আমার কাছে খুবই অযাচিত মনে হয়েছে। কিন্তু অপূর্ব এবং যাদের জানার দরকার তাদের সবাইকে জানিয়েছি। সুতরাং লুকিয়ে বিয়ে করেছি কথাটা ঠিক নয়। এখন আমার প্রাইভেট জীবনটা একেবারে প্রাইভেট রাখার চেষ্টা করছি এবং করবো।’

অপূর্ব-অদিতির ঘরে রয়েছে এক পূত্র সন্তান। সে এখন কার কাছে থাকে জানতে চাইলে অদিতি বলেন, ‘আমাদের ছেলে আয়াশ আমার কাছেই থাকে। আলহামদুলিল্লাহ, ওকে আমার নতুন পরিবারের সবাই অত্যন্ত আদর করে এবং ভালোবাসে। আয়াশ ওর বাবার কাছে গিয়েও থাকে। ওর বাবাও অকে ভীষণ ভালোবাসে।’