বুমরাহর জাদুতে জয়ের সুবাস পাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সফরকারী ভারত। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ম্যাচের শেষ দিন জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৫৭ রান, হাতে রয়েছে ৯টি উইকেট।

জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের দুই ইনিংসেই কুপোকাত হয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ভারতকে জয়ের সুবর্ণ সুযোগ এনে দেয়া বোলিংয়ে দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার।

শনিবার (০৭ আগস্ট) ম্যাচের চতুর্থ দিন বিনা উইকেটে ২৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তখনও তারা পিছিয়ে ৭০ রানে। চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংলিশরা থেমেছে ৩০৩ রানে। ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২০৯ রানে। দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের পক্ষে একাই লড়েছেন অধিনায়ক জো রুট। ক্যারিয়ারের ২১তম টেস্ট সেঞ্চুরিতে ১৭২ বলে ১০৯ রান করেছেন তিনি। এছাড়া বাকিরা কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি।

স্যাম কুরান ৩২, জনি বেয়ারস্টো ৩০, ডম সিবলি ২৮ রান করে আউট হন। বুমরাহ নেন ৬৪ রান খরচায় ৫ উইকেট। প্রথম ইনিংসে তার শিকার ছিল ৪ উইকেট।

দিনের শেষ সেশনে খেলতে নেমে প্রথম ইনিংসের নায়ক লোকেশ রাহুলের উইকেট হারিয়েছে ভারত। রাহুল করেছেন ২৬ রান। চেতেশ্বর পুজারা ১২ ও রোহিত শর্মা ১২ রানে অপরাজিত রয়েছেন।