বৃত্তির টাকা নিতে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ

অনলাইন ডেস্ক।।
পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ২০১৯ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। হিসাব বিবরণী খুলতে তাদেরকে পাঁচ দিন সময় দেয়া হয়েছে।

গতকাল রোববার (১০ মে) মাউশি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশ পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০১৯ সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক জিটুপির (ইএফটি) আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ দুই পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের একক বা অভিভাবকদের যৌথ নামে হিসাব বিবরণী খুলতে হবে। যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে সেটিতে অবশ্যই অনলাইন সুবিধা থাকতে হবে। সেখানে আগামী ৩ জুনের মধ্যে অনলাইন স্কুল ব্যাংক হিসাব অথবা ‘ব্যাংক হিসাব’ খুলে সেটি ৫ জুনের মধ্যে এমআইএসই-এ আপলোড দিতে হবে।

এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়ে মাউশি বলছে, শিক্ষার্থীদের নামে অনলাইন ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। এ বিষয়ে কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানরা ব্যক্তিগতভাবে দায়ী হবেন।

প্রতিষ্ঠানটি বলছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ধারাবাহিকভাবে অধ্যায়নরত আছে কি না তা এমআইএসই-এ আপলোড করতে হবে। একই নির্দেশনা মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে ৩৩ হাজার শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং সাড়ে ৪৯ হাজার জনকে সাধারণ বৃত্তি দেয়া হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পেয়ে থাকে। জেএসসিতে হিসেবের অংক দাঁড়ায় ৪৫০ এবং ৩০০ টাকা।