বৃষ্টি বিরহ

বৃষ্টি বিরহ
-সাইফউদ্দিন মিলন

বৃষ্টির মুগ্ধতায় তোমরা প্রেমিক হয়ে ওঠো
কবিতার ছন্দে বাজাও মিলনের সুর
দেখ কদমের বুকে প্রস্ফুটিত জীবনের হাসি
পুকুরে অথৈজলে হাঁসেদের সঙ্গমরত সিক্ত স্নান
বিলের ধারে সাদা বকের মুক্ত বিহঙ্গ উড়ে চলা
তোমাদের মন ভরায় অভিভূত আনন্দ বিলাসে।

আমি বর্ষার বুকে যেমন প্রেমের মৌসুম দেখি
তেমন দেখি বিরহের করুন আর্তনাদ…!
ওভার ব্রীজের নিচে শুয়ে থাকা কিশোরীর ভিজে যাওয়া মুমূর্ষু শরীর দেখি
দেখি নির্ঘুম রজনীর বিদীর্ণ বিষাদে ঢাকা বৃদ্ধ পিতার কাঁপানো শরীর।

তোমরা বর্ষার প্রেমে মগ্ন হয়ে বৃষ্টি ছুঁয়ে যাও হৃদয়ের রসিকতায়
শব্দের তালে গাও বর্ষার গীতি আর জানলার গ্রীল ছুঁয়ে উদাসী হও

আমি ভীষণ বিরহে দেখি পাখিদের ভেঙে যাওয়া বাসা
ঝড়ের আঘাতে নষ্ট হয়ে যাওয়া ডিমের ভিতরে লুকানো প্রাণ
মন কাঁদে বর্ষার বিরহে! ভেঙে পড়ি অহর্ণিশ পাহাড়ি মেয়ের আর্তনাদে
জলবন্দি মানুষের দীর্ঘ-শ্বাসে হৃদয় হুহু করে কেঁদে ওঠে
তোমাদের মুগ্ধতা আমার বুকে নীল বিষ ঢেলে দেয়
পথশিশুর অশ্রুতে ভরে ওঠে হৃদয়ের আঙ্গিনা।

তোমরা বৃষ্টি ছুঁয়ে রোমান্টিক হও….

আমি জীবন ছুঁয়ে দেখি এ-যেন বৃষ্টি নয় পাখিদের ডানা ভাঙা আর্তনাদ…
গৃহহীন মানুষের অশ্রু জলের বিভৎস বেদনার ঢেউ।