বেতাগীতে ট্রলি-অটোর সংঘর্ষ: নিহত ১, আহত ২

বেতাগী প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার বেতাগীতে ছয় চাকার ট্রলি ও ব্যাটারিচালিত তিন চাকার অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরাজি বাড়ির মসজিদ সংলগ্ন আঞ্চলিক সড়কের উপরে সোমবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান গোলভানু নামের এক ৫০ বছর বয়সের বৃদ্ধা। তিনিএকজন ব্র্যাককর্মী ছিলেন। নিহত গোলভানু বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোকলেস তালুকদারের স্ত্রী। আহত বাকি দুইজনকেই বরিশাল শেবাচিমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।তারা সবাই একই এলাকার বাসিন্দা।

জানা যায়, নিহত গোলভানু মেয়ের শশুড় বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এ দূর্ঘটনায় তার প্রাণহানি হয়। ট্রলি চালক দুর্ঘটনার সাথেসাথে পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, চালক পালিয়ে যাওয়ার পর গাড়ির মালিক এনায়েত হোসেনকে বারবার ফোন করা হলে সে ফোনটি বন্ধ করে রাখে কোন ধরনের সহযোগীতার জন্যও আসেনি।

বেতাগী থানার এসআই মাঈনুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে তাজ পরিবহন নামক একটি ট্রলি গাড়ি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং লাশ ধানায় পাঠানো হয়েছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ থানায় আনা হয়েছে। তবে নিহত বৃদ্ধার পরিবার কোন ধরনের মামলা করতে রাজি হচ্ছেনা।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।