বেতাগীতে ভেঙ্গে পরলো নির্মাণাধীন ভবনের ছাদ

বেতাগী প্রতিনিধি (বরগুনা)।।
বরগুনার বেতাগীতে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভবনের সম্মুখভাগের ছাদ ধসে পরেছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি না হলেও এলাকাবাসীর অভিযোগ সিডিউল অনুযায়ী কাজ না করা ও নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করার ফলে ভবনটির ছাদ ভেঙ্গে পরেছে।

উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারে ২০২০ সালের শেষ দিকে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরুর কয়েক মাসের মধ্যে বৃহাস্পতিবার (১৮ ফ্রেরুয়ারি) সকাল এগারটার দিকে ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার সময় হঠাৎ ভবনের সম্মুখভাগের ধসে পরে।

জানা গেছে, ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি প্যাকেজের এলজিইডি দরপত্র আহবান করে। প্যাকেজের অংশ হিসেবে বেতাগীর ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজটি পায় ও নির্মাণ কাজ শুরু করে।

কাজিরাবাদ ইউনিয়নের তহশীলদার মো: মহসিন জানান, ‘আমি নির্মানাধীণ নতুন ভবন সংলগ্ন অফিসের ভেতরে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দ পেয়ে দেখি ভবনের সম্মুখভাগ ধসে পরেছে। ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার কাজ করছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধীকারি মো. খলিলুর রহমান খান বলেন, কাজের দরপত্রের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হয়েছে। নির্মাণ সামগ্রীও সঠিক ভাবে ব্যবহার করা হয়েছে তবে, সঠিক সময়ের আগে সেন্টারিংয়ের নিচের বাঁশ খোলার কারনে ভারসাম্য রক্ষা করতে পারেনি ছাদের সম্মুখভাগ ফলে নিচের দিকে হেলে গেছে। তাছাড়া কাজ করার সময় প্রকৌশলী নিজে উপস্থিত ছিলেন কোন ধরনের অনিয়ম হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, শোনার পর এ বিষয় আমি সার্বিক খোজ নিয়ে জেনেছি ঠিকাদারের লোকজন দীর্ঘদিন কাজটি ফেলে রাখায় অসতর্কতার কারণে সমস্যা হয়েছে। এটি ভবনের বাহিরের অংশ। ইতোমধ্যে ঠিকাদারকে সঠিকভাবে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।সঠিকভাবে কাজ না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।