বেতাগী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মহসীন বহিষ্কার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মহসীনকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে বরগুনা জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ সভার আলোচ্য বিষয় ছিল আগামী ২৮ ডিসেম্বর বেতাগী পৌরসভা নির্বাচন। এ সময় দলীয় প্রার্থীকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়।

উপজেলা যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা যুবলীগ সভাপতি অ্যাড. কামরুল ইসলাম মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।

এতে বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়রপ্রার্থী এ বি এম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন প্রমূখ।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেতাগী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মহসীনকে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত বহিষ্কারের বিষয়ে মাহমুদুল হাসান মহসীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে বেতাগী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে এমন কোনও চিঠি আমি পাইনি।