বেতাগী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে পৌরসভা নির্বাচনে উৎসবমূখর পরিবেশে সহকারি রিটানিং কর্মকর্তার কাছে মেয়র পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের কাছে সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম গোলাম কবির, জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পৌর বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদুল হাসান মহসিন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার , ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ চলবে। এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২ শত ৭৭ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫ শত ৪২ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৭ শত ৩৫ জন। এতে রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার এবং সহকারি রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম।