বেনজেমা ঝলকে জয়ে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক।।
ড্রই হতে পারত ম্যাচটি। তবে অতিরিক্ত সময়ে ঝলসে উঠলেন করিম বেনজেমা। রিয়াল পেল দারুণ এক জয়। শনিবার (১৩ মার্চ) স্প্যানিশ লা লিগার ম্যাচে এলচেকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোস শিবিরে।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে কালভোর গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর তাদের সমতায় ফেরানোর পর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন বেনজেমা। দুই ম্যাচ পর লিগে জয় পেল রিয়াল। আগের দুই রাউন্ডে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। গত বছরের শেষ দিনে এলচের সঙ্গেও রিয়াল ড্র করেছিল ১-১ ব্যবধানে।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে এলচের রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো ৬১ মিনিটে গোল হজম করে বসে দলটি। মোরেন্তের কর্নার থেকে দানি কালভোর শট ক্রসবারে লেগে বল জড়ায় জালে। ৭৩ মিনিটে রিয়ালকে সমতায় আনেন বেনজেমা। লুকা মদ্রিচের ক্রসে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার। ৭৮ মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে কাসেমিরোর বুলেট গতির শট বাঁক নিয়ে শেষ মুহূর্তে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

একের পর এক আক্রমণ করে যাওয়া রিয়াল জয়সূচক গোল পায় অতিরিক্ত সময়ে। কাসেমিরোর সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ানে’বাঁ পায়ে আড়াআড়ি শট নেন বেনজেমা। পোস্টে লেগে বল জড়ায় জালে (২-১)। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

২৭ ম্যাচে ১৭ জয় আর ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিনে। তাদের সমান ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো।