বোমা বহনকারীরা ভাড়াটে খুনি: পুলিশ

অনলাইন ডেস্ক।।
রাজধানীর মিরপুরে পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিনজন ভাড়াটে খুনি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে ওই তিনজনের নাম বা বিস্তারিত পরিচয় এখনো জানানো হয়নি।

এছাড়া বিস্ফোরণের এই ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) পল্লবী থানা ভবন পরিদর্শনের পর এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, বোম্ব ডিস্পোজাল ইউনিট এক্সপ্লোসিভ সমৃদ্ধ দুটি ডিভাইস নিষ্ক্রিয় করেছে।

অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় ব্রিফিংয়ে বলেন, অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ডিভাইস পাওয়া যায়, যেটি দেখতে ওজন মাপার মেশিনের মত। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেপ্তার তিনজন পুলিশকে জানায়, ওই ওজন মাপার যন্ত্রে ‘বোমা রয়েছে’। এরপর বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলে তারা এসে ডিউটি অফিসারের কক্ষে ওই ওজন মাপার মেশিন পরীক্ষা করেন। পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, বিস্ফোরণ ঘটার পরে আমাদের চার পুলিশ সদস্যসহ পাঁচ সদস্য আহত হন। তারা সবাই চিকিৎসাধীন আছেন।