ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া হলো না বাসুদেবের, ট্রাকচাপায় পিষ্ট

বাবুগঞ্জ প্রতিনিধি।।
ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া হলো না বাসুদেবের, ট্রাকচাপায় পিষ্ট ব্যবসায়ী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় জনতা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাসুদেব মুখার্জি (৭২)। তিনি উপজেলার রহমতপুর এলাকার মৃত সদয় মুখার্জির ছেলে ও রহমতপুর বাজারের ব্যবসায়ী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে ব্যবসায়ী বাসুদেব মুখার্জী রহমতপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিম দিক থেকে ব্রীজ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বরিশালের দিক থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এয়াপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সড়ক দূর্ঘটনার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর স্টেশনে আগেও বেপরোয়া গতির গাড়ি চাপায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনা রোধে ঘটনাস্থলে দুটি গতিরোধক ও ট্রাফিক ব্যবস্থা করণের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করেন। এতে প্রায় একঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।