ব্যর্থতা

ব্যর্থতা
।।মাহফুজা রিনা।।

যে প্রেম একদিন তোমার দরজায় এসেছিলো,
তাকে তুমি নিতে পারোনি।
শুনেছো কেবল তার পায়ের শব্দ,
এ তোমার ব্যর্থতা।

যে মৃত্যু গতকাল তোমার শিয়রে এসে ফিরে গেল,
তাকে তুমি নিতে পারোনি।
শুনেছো কেবল জীবনের জয়গান,
এও তোমার ব্যর্থতা।

হয়তো এমন হাজার ব্যর্থতা প্রতিনিয়ত ঘিরে
থাকে তোমাকে।
তোমার সব হারানোর পুরনো ব্যর্থতা উৎসবের মতো।
না, আমি বলছি না।
অনুভবে নিয়ে আসো তুমি।

যে কবির উৎসাহে প্রাণ উঠেছিলো ভরে,
বুঝেছি প্রলাপের ঘোরে একদিন সেও যাবে সরে।
একদিন একে একে সবই যাবে মেঘের আড়ালে ডুবে,
তবু তুমি বলতে কি পারো,
এ যন্ত্রণা পাবে না অন্য কেউ আরো?

জীবন খাতায় সব প্রশ্নের উত্তর মেলে না,
কিছু প্রশ্ন ছুঁতে হয় না
তাতে ভুলের পরিমান বাড়তেই থাকে।

দক্ষিণ আলেকান্দা, বরিশাল।
১০.০৮.২০২০