ব্যাধিগ্রস্ত স্বপ্ন

ব্যাধিগ্রস্ত স্বপ্ন

।।মাহফুজা রিনা।।

মহুয়া, জামরুল পাতার ফাঁকে জীর্ণ চোখে চেয়েছিল চাঁদ,
জানালার কাঁচে অপেক্ষমাণ চঞ্চল রাত।
বাতাসের শব্দে মাতাল পৃথিবী।
প্রকৃতির সৃষ্টি ধরার বুকে করুণার বন্যা।
প্লাবিত পাহাড়, পাহাড়ের চুড়া।
জোৎস্নার সাথে বসবাস।

মিলনের নেশায় কেঁপে ওঠে নদী, নদীর পার
একটা নীল সাপের বিষে নীল হয়ে যাচ্ছে
প্রতিটি রাত, রাতের নিরবতা।
সেই সুনসান রাতের নিরবতায় আহুতি দিচ্ছে
ক্ষতবিক্ষত, আহত কিছু হৃদয়।

অন্দরে পৌঁছেছিল অবেলায় ঝড়ের মতো,
তখন নিভে গিয়েছিল যত্নে সাজানো মধু রাত্রি।
নীল জানালার পাশে ম্লান হয়েছিল চাঁদের বেসাতি।
ব্যাধির মতো বেঁধেছিল বুকে উড়ন্ত বিহঙ্গের ডানা,
কালো মেঘে ঢেকে কেঁদেছিল অস্তচাঁদ, আলোর মোহনা।

মাহফুজা রিনা
০৭.০৮.২০২০