ব্রাজিলে চীনা টিকার ট্রায়াল আবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক।।
ব্রাজিলে চীনের তৈরি করোনাভাইরাস টিকার ট্রায়াল আবারও শুরু হয়েছে। দুইদিন আগে একজন স্বেচ্ছাসেবকের মৃত্যুর ঘটনায় টিকাটির ট্রায়াল স্থগিত করেছিল দেশটি।

ব্রাজিলে চীনের টিকার ট্রায়াল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অ্যানভিসা জানিয়েছে, চীনের করোনাভাইরাস টিকার ট্রায়াল আবার শুরু করা যেতে পারে। এর অনুমোদন দেওয়া হলো। খবর বিবিসির

অ্যানভিসার প্রধান জানিয়েছেন, স্বেচ্ছাসেবকের মৃত্যুর সঙ্গে টিকার কোনো সম্পর্ক নেই। ট্রায়াল আবার শুরু করা যেতে পারে।

বুধবার (১১ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আমাদের হাতে পর্যাপ্ত তথ্য-উপাত্ত আছে। যা দেখলেই বোঝা যাবে ট্রায়াল আবারও শুরু করতে কোনো বাধা নেই। ট্রায়াল বন্ধ করে দেওয়ার অর্থ এই নয়, ভ্যাকসিন মানহীন, অনিরাপদ এবং কার্যকর না।

এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো টিকা ট্রায়ালের এই স্থগিতাদেশকে ‘একটি জয়’ হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এই টিকার সমালোচনা করে আসছেন। বলছেন, চীনের এই টিকা তার দেশে কেনা হবে না। এ নিয়ে তিনি দেশের মধ্যে রাজনৈতিক লড়াইয়েও জড়িয়ে পড়েছেন।

কিন্তু অ্যানভিসার পরের ঘোষণা তাকে আবার পিছিয়ে দিয়েছে সেই লড়াইয়ে। প্রেসিডেন্ট এই ঘোষণা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। যদিও তিনি নিজেই করোনা ভাইরাস মোকাবিলায় অনেক সমালোচিত।

করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল একটি। বিশ্বে তৃতীয় অবস্থানে দেশটি। এ পর্যন্ত পাঁচ দশমিক ছয় মিলিয়ন শনাক্ত এবং এক লাখ ৬৩ হাজার মৃত্যুর রেকর্ড করেছে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়।

চীনা সংস্থা সিনোভ্যাক বায়োটেকের তৈরি এই টিকা বিশ্বব্যাপী চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার মধ্যে অন্যতম। সিনোভ্যাক বলেছে, এই টিকার সুরক্ষায় আত্মবিশ্বাসী আমরা।