ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলারদের নৈপুণ্যে শুরু ফেডারেশন কাপ

স্পোর্টস ডেস্ক।।
নতুন ফুটবলে অন্যরকম আকর্ষণ হবে পেলে-নেইমার এবং ম্যারাডোনা-মেসির দেশের ফুটবলারা। কারণ এই প্রথম লাতিন আমেরিকা এই দুই দেশের ৭ ফুটবলার নাম লিখিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে।

এর মধ্যে ব্রাজিলের ৬ জন এবং আর্জেন্টিনার ১ জন। মৌসুমের প্রথম ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দুই দেশের ৩ ফুটবলার নৈপূণ্য দেখিয়েছে ঢাকার মাঠে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ফেডারেশন কাপ দিয়ে শুরু হয়েছে ফুটবলের নতুন মৌসুম। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জ। চ্যাম্পিয়ন দলের জার্সিতে মাঠে নেমেছিলেন দুই ব্রাজিলিয়ান ও এক আর্জেন্টাইন। প্রথম ম্যাচেই তারা মন জয় করেছে ঢাকার দর্শকদের।

বসুন্ধরা কিংসের দুই গোলই করেছেন তাদের ব্রাজিলিয়ান দুইজন অস্কার ও ফার্নান্দেজ। অন্য গোলটি রহমতগঞ্জ খেয়েছে আত্মঘাতি। মিশরের আলেলদিন বল ক্লিয়ার করতে গিয়ে পাঠিয়ে দেন নিজেদেও জালে। ৩-০ গোলের জয়ে ফেডারেশন কাপ শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা।