ব্রাজিল-আর্জেন্টিনার মেলবন্ধন, আবাহনীকে হারিয়ে ফাইনালে কিংস

স্পোর্টস ডেস্ক।।
টানা তৃতীয়বারের মতো ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে আবাহনীকে। কিংসের দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান জোনাথন, অন্যটি আর্জেন্টানইন রাউল অস্কার। আবাহনীর গোল করেছেন ব্রাজিলের ফ্রান্সিসকো টরেস।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে স্কোর পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে যায় আর্জেন্টাইন রাউল অস্কারের গোলে।

মতিন মিয়া বল নিয়ে বক্সে ঢুকলে তাকে আটকাতে এগিয়ে যান আবাহনীর গোলরক্ষক সোহেল। মতিন মিয়া বুদ্ধিমত্তার সঙ্গে বল ঠেলে দেন আর্জেন্টাইন রাউল অস্কারের সামনে। কোনো ভুল করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড- এক ডিফেন্ডারের পাশ দিয়ে বল পাঠান জালে।

আবাহনী এগিয়েছিল ম্যাচের ৩১ মিনিটে। বেলফোর্টের বাড়ানো বল ধরে ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো টরেস কোনাকুনি শটে গোল করেন। প্রথমার্ধে পিছিয়ে থাকা বসুন্ধরা কিংস ম্যাচে ফেরে ৫১ মিনিটে।

ব্রাজিলিয়ান জোনাথন দুইজনকে কাটিয়ে যে শট নেন তা ক্রসবারে লেগে গোললাইনের ভেতরে ড্রপ খেয়ে বাইরে আসে। তারপর আর্জেন্টাইন রাউল অস্কার হেড দিয়ে আবার বল ভেতরে পাঠান। যদিও তার আগেই গোল হয়ে যায় জোনাথনের শটে।

অতিরিক্ত সময়ে শেষ মিনিটে আবাহনীর নাবিব নেওয়াজ জীবন গোল করেছিলেন। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। প্রতিবাদে আবাহনী ঘিরে ধরেন রেফারিকে। বেশ কয়েক মিনিট খেলা বন্ধ থাকে ঘটনাকে কেন্দ্র করে।

পূনরায় খেলা শুরু হলে বসুন্ধরা কিংস আরেকটি গোল করে। আর্জেন্টিাইন রাউলের পাস থেকে ব্রাজিলিয়ান জোনাথন দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন। ৩-১ ব্যাবধানে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় গতবারের চ্যাম্পিয়নরা।