ভাণ্ডারিয়ার ভিটাবাড়ীয়ায় ৫টি গরু চুরি, মামলা দায়ের

ভাণ্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ১নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো. দিনার মাহামুদ রাসেল সিকদারের বাড়ির গোয়াল থেকে শুক্রবার গভীর রাতে বাচ্চা সহ দুইটি গাভী ও একটি বলদ সহ মোট ৫টি গরু চুরি হয়েছে। গরুর মালিক রাসেল জানান চুরি হওয়া ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এ ব্যাপারে (২১ মার্চ) রবিবার ভাণ্ডারিয়া থানায় দিনার মাহামুদ রাসেল সিকদার অজ্ঞাতনামাদের বাদি করে একটি চুরি মামলা দায়ের করে।

সরেজমিনে ভিটাবাড়িয়ার কাপালির হাট বাজারে গেলে জুবায়ের, জাহিদুলসহ স্থানীয়রা জানান, এ ঘটানার পূর্বেও ইউনিয়নের একই ওয়ার্ড বাসিন্দা চন্দ্র শেখরের বাড়িতে চুরি, ৫নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রমেন্দ্র নাথ দত্তের বাড়ির খরের গাদায় আগুন দেয়া এবং একই ইউনিয়নের ৯নং ওয়াওের্ডর বাসিন্দা জামাল হাওলাদারের গোয়াল থেকেও ৩টি গরু চুরি সহ নানা ধরনের ছোট খাট অনাকাঙ্খিত ঘটনা ঘটইে চলেছে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনও করে কিন্তু তাতে কাজে কাজ কিছুই হয়না বলেও অভিযোগ তাদের।

তবে একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, এ ঘটনা বর্তমান স্ব স্ব ওয়ার্ডের জনপ্রতিনিধিদের ইন্ধনে ঘটতে পারে। তবে ওই সকল প্রতিনিধিরা এ যুক্তি অস্কীকার করেন। আর এ ঘটনা নির্বাচন আসলেই বেশি শুরু হয় বলেও তাদের অভিযোগ।

এ বিষয়ে একই ইউনিয়নের বাসিন্দা ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা এবং ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান এনামুল করিম পান্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমারা প্রত্যেককেই থানায় মামলা করার জন্য বলেছি।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনা সনাক্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।