ভাণ্ডারিয়ায় সরকারি চাল কালোবাজারে বিক্রির জন্য মোড়ক পতিবর্তনের সময় জব্দ

ভাণ্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামক একটি দোকানে সরকারি চাল কালোবাজারে কম মূল্যে ক্রয় করে মোড়ক পরিবর্তন এর মাধ্যমে বস্তাজাত করার সময় হাতে নাতে ধরা পড়েছে।

জানাগেছে, বৃহস্পতিবার (০৪ মার্চ) রাতে মায়ের দোয়া এন্টারপ্রাইজে দরিদ্রদের জন্য “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই শ্লোগান সম্বলিত ৩০ কেজি ওজনের সরকারি চালের বস্তা পরিবর্তন করে নুরজাহান ব্রান্ড নামের নিজস্ব মোড়কে এক নম্বর মিনিকেট চাল হিসেবে ৫০ কেজির বস্তায় ভর্তি করে বস্তাজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলেই তা হাতে নাতে জব্দ করা হয়েছে। ওই ঘটনার টের পেয়ে দোকান মালিক এ সময় পালিয়ে যায়। পরে পার্শবর্তী ব্যবসায়ী এবং স্থানীয় জনতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সরকারি ৩০ কেজি ওজনের বস্তা সহ মোট ১৬৩ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

স্থানীয় একাধীক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই দোকানের মালিক মো. আলমগীর কবিরাজ দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা ছাড়াও অন্যান্য জেলা উপজেলার টিআর,কাবিখা ছাড়াও সরকারি সুবিধাভোগী বিভিন্ন মানুষের চাল কম মূল্যে ক্রয় করে এবং কিছু মিনিকেট চাল একত্র করে খুলনা থেকে নুরজাহান ব্রান্ড নামের বস্তা প্রিন্ট করে মানুষের আড়ালে (জালিযাতের মাধ্যমে) বস্তাজাত করে নিজস্ব গোডাউনেই বস্তার মুখ সেলাই করে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দামি এক নম্বর মিনিকেট চাল বলে বেশি দামে বিক্রি করে আসছে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সরকারি চাল জব্দ করা হয়েছে এবং থানার উপ-পরিদর্শক (এস.আই) ইদ্রিস বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে রাতেই একটি মামলা দায়ের করেন।