ভান্ডারিয়ায় কুকুর মারার অভিযোগ তুলে শিক্ষক দম্পতির ওপর হামলা

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামে তুচ্ছ ঘটনায় শিক্ষক মোস্তফা হাওলাদার ও তার স্ত্রী নার্গিস বেগমের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষক মোস্তফা হাওলাদার (মসজিদের ইমাম) জানান, শুক্রবার ৫ বছরের শিশু সন্তানকে নিয়ে জুমার নামাজ পড়িয়ে বাড়ী ফেরার পথে বাদশা হাওলাদার এর বাড়ী সংলগ্ন সড়কে পূর্ব শত্রুতার জের ধরে কুকুর মারার অসত্য অভিযোগ তুলে আতরখালী গ্রামের অটো চালক মাহিম মোল্লা, এর বড় ভাই তুহিন মোল্লা, বাবা হাবিব মোল্লাসহ অপর আরও ৪ সহযোগী মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ওই শিক্ষকের ডাক চিৎকারে স্ত্রী নার্গিস বেগম ছুটে আসলে তাকেও মারধোর করা হয়। পরে প্রতিবেশীরা ওই দম্পতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।