ভান্ডারিয়ায় টেম্পুর চাপায় শিশু নিহত, ঘাতক ড্রাইভার পালাতক

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে বাড়িতে ফিরল আড়াই বছরের শিশু কন্যা নুসরাতের লাশ। ঘটনাটি ঘটেছে শনিবার (০৪ সেপ্টেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নে উত্তর শিয়ালকাঠী গ্রামে ভিটাবাড়িয়া – তারাবুনিয়া সড়কে।

স্থানীয় ও নিহত শিশুর পরিবার সুত্র জানায়, উপজেলার ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা নানা মো. নজরুল ইসলাম সিকদারের বাড়িতে কয়েকদিন পূর্বে পার্শবর্তী রাজাপুর উপজেলার রোলা গ্রামের মো. রায়হান এর শিশু কণ্যা নুসরাত মা নার্গিস বেগমের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে এবং শনিবার বাড়ি সংলগ্ন পোনা নদীর পাড়ে শিশুটিকে বসিয়ে রেখে নানী নদীতে কাপর ধোয়ার কাজে গেলে এ সময় ভান্ডারিয়া গরুরহাট থেকে ইঞ্জিন চালিত মায়ের দোয়া নামের একটি খালি ট্রলারটেম্পু বেপরোয়া ভাবে চালিয়ে তারাবুনিয়ার দিকে যাওয়ার কালে শিশুটিকে চাঁপা দেয়। এবং ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশাল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১ টার দিকে শিশু নুসরাত মারা যায়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বরিশাল কোতয়ালী থানার ওসি লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। টেম্পুটিকে জব্দকরা হলেও ড্রাইভার পলাতক রয়েছে। তবে এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের করা হবে।