ভান্ডারিয়ায় বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল বর পক্ষ

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। রোববার (১৮ জুলাই) উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর।

ভান্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেন লিটনের ছোট মেয়ে ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী (১৩) এর সাথে একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফরের ছেলে মো. রিফাত (২৯) এর সাথে বিবাহের আয়োজন করা হয়। বর পক্ষের লোকজন রাতে মেয়ের বাড়িতে আসলে স্থানীয়রা ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর কে মুঠো ফোনে জানালে তিনি তাৎক্ষনিক পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে হাজির হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে মেয়ের বাবা এবং চাচা ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।