ভান্ডারিয়ায় সংস্কারের ৮ মাসের মধ্যে রাস্তার বেহালদশা, দুর্ভোগে পৌরবাসী

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরশহরে টি.এন্ড.টি সড়কটি সম্প্রতি সংস্কার হলেও খানাখন্দের সৃষ্টি হয়ে বেহালদশায় পৌঁছেছে। ফলে পৌরবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা পৌর শহরের সাথে সংযোগ বাসস্ট্যান্ড হয়ে টি.এন্ড.টি নামক এ জণগুরুত্বপূর্ণ রাস্তাটি গত ৮ মাস আগে স্থানীয় এক ঠিকাদার দায়সারা ভাবে সংস্কার করে। কিন্তু বর্তমানে ওই রাস্তার বিভিন্ন জায়গার ছোট-বড় গর্ত হয়ে সামান্য বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। এতে পৌরবাসী, রিকশা, ভ্যান, অটোরিকশার যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটিতে পানি জমাট থাকায় দেখে মনে হবে ডোবা-নালা। যার ফলে প্রতিনিয়ত আটকা পড়ছে শব্জি ও চালের মালবাহী ট্রাক। বড় বড় গর্তে পানি জমে থাকায় এ রাস্তা দিয়ে হেঁটে চলার মত কোন পরিবেশ নেই। পানি নিষ্কাসনের জন্য সড়কের পাশে ড্রেনের ব্যবস্থা থাকলেও তা পরিষ্কারের কোন উদ্যোগ নেই।

পৌরসভার বাসিন্দা মনির হোসেন জানান, আমরা নিয়মতি ট্যাক্স ভ্যাট দিচ্ছি কিন্তু কোন সেবা পাচ্ছি না। এই রাস্তা দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক সহ হাজার হাজার মানুষ প্রানের ঝুঁকি নিয়ে ছোটাছুটি করছে কিন্তু দেখার যেন কেউ নেই।

পৌর শহরের টি.এন্ড.টি সড়কের বাসিন্দা ডিম ব্যবসায়ী মো. মঞ্জু কবিরাজ জানায়, রাস্তার বড় গর্তের জমাট পানিতে ছিটকে পড়ে তার ডিমের সাজিসহ পড়ে সব ডিম ভেঙে নষ্ট হয়ে যায় এবং তিনি আহত হন। এছাড়াও এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ জনসাধরণ যাতায়াতে বিঘ্ন ঘটছে। সড়কটি অচিরেই মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে পৌরবাসী।