‘ভারতকে আবারও উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক।।
চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের স্মৃতি নিশ্চিতভাবেই মনে রাখতে চাইবে না ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেইডে গোলাপি বলের সেই দিবারাত্রির টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়েছিল বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে লিড নিয়েও তারা ম্যাচ হেরেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে।

আগামী শনিবার (২৬ ডিসেম্বর) ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে খেলতে নামবে সফরকারীরা। কিন্তু এ ম্যাচের আগেই তাদের সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তার মতে, অ্যাডিলেইডের মতো মেলবোর্নেও ভারতীয়দের উড়িয়ে দেবে স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে ভারতের শক্তিমত্তা নিয়ে কোনও সন্দেহ নেই ওয়ার্নের।

ফক্স ক্রিকেটে দেয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছেন, ‘আমি মনে করি, অস্ট্রেলিয়া তাদেরকে উড়িয়ে দেবে। আমি জানি তাদের দলে লোকেশ রাহুল, শুবমান গিলদের মতো দুর্দান্ত খেলোয়াড়রা আসছে। অজিঙ্কা রাহানেও ক্লাস খেলোয়াড়। আমরা জানি চেতেশ্বর পুজারা কী করতে পারেন। তবু আমি এটাই বলব, অস্ট্রেলিয়া তাদেরকে উড়িয়ে দেবে।’

পিতৃত্বকালীন ছুটির কারণে সিরিজের বাকি তিন ম্যাচ খেলবেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার বদলে অধিনায়কত্ব সামলাবেন অজিঙ্কা রাহানে। এছাড়া প্রথম ম্যাচে হাতের ইনজুরিতে পড়া মোহাম্মদ শামিকেও সিরিজে আর পাচ্ছে না ভারত।

এটিও তাদের জন্য একটা নেতিবাচক দিক বলে মনে করেন ওয়ার্ন। তার ভাষ্য, ‘মোহাম্মদ শামিকে হারানো ভারতের জন্য ক্ষতির কারণ। সে দারুণ গুণসম্পন্ন একজন বোলার। মেলবোর্নের কন্ডিশনে শামির মতো বোলারদের জন্য অনেক কিছুই রয়েছে, যারা সিমের ওপর জোর দিয়ে গুড লেন্থে বোলিং করতে পারে।’