ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে গোবর-গোমূত্র: দাবি মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে গোবর ও গোমূত্র। শনিবার (১৩ নভেম্বর) এমন দাবি করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শিবরাজ সিং চৌহান বলেন, গরু তাদের গোবর ও মূত্র-সহ বিভিন্ন পণ্যের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তার ভাষায়, ‘গরু বা বলদ ছাড়া অনেক কাজ এগোতে পারে না। অতএব, তারা খুব গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থাপনা করা হলে গরু, তাদের গোবর ও মূত্র একটি রাজ্য এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে।’

শিবরাজ বলেন, ‘আমরা সাহায্য দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমি নিশ্চিত যে, এই ক্ষেত্রে নারীদের অবদানের ফলে আমরা সফল হবো। গোবর ও গোমূত্র থেকে আপনি কীটনাশক থেকে শুরু করে ওষুধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য তৈরি করতে পারেন।’

উল্লেখ্য, ভারতের প্রথম গরু অভয়ারণ্য রয়েছে মধ্যপ্রদেশে। এর ভিত্তি স্থাপন করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। গত বছর, রাজ্যের বিজেপি সরকার ছয়টি বিভাগের মন্ত্রীদের নিয়ে একটি ‘গো মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়েছিল। বলা হয়েছিল, এই মন্ত্রীরা গরুর সুরক্ষা এবং গরু উৎপাদনের প্রচারের লক্ষ্যে কাজ করবেন।

এর আগে ২০১৮ সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যুবকদের কর্মসংস্থানের উপায় হিসেবে গরু পালনের ওপর জোর দিয়েছিলেন।