‘ভারতের করোনার প্রভাব দেশেও পড়তে পারে’

অনলাইন ডেস্ক।।
প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে আবারও বাড়ছে সংক্রমণ বাড়ছে। ফলে বাংলাদেশেও সেই বাতাস আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৪ এপ্রিল) রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (নিপসম) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’। শনিবার (২৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ, ভারতে সংক্রমণ বাড়ছে, সেখানে অনেকেই যাতায়াত করছেন।’ দেশে ফেরার পর তাদের নজরে রাখতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশের প্রায় ১৩ কোটি মানুষ এখন টিকার আওতায় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশও এত টিকা দিতে পারেনি। এখনও যারা টিকা নেয়নি, তারা ইচ্ছাকৃতভাবেই নিচ্ছেন না।’

তিনি বলেন, আমরা কী খাচ্ছি সেটা দেখতে হবে। সংক্রামণ ব্যাধি যক্ষা, পোলিও, ম্যালেরিয়া, এইডস নিয়ন্ত্রণ রয়েছে। অন্যদিকে অসংক্রামক রোগ যেগুলো মানুষের খাদ্যাভ্যাস ও জীবনাচারের সঙ্গে সম্পৃক্ত সেগুলো বাড়ছে। আমাদের পরিমিত খেতে হবে। পুরো দেশে যখন করোনা ছড়িয়ে পড়ে, তখন ভিটামিন সি, ডি ও জিংক খেতে বলি। এতে করে প্রতিরোধ ক্ষমতা বাড়ে।