ভারতে আরও ১৩২৯ মৃত্যু, আক্রান্ত ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও এক হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫১ হাজার ৬৬৭ জনের শরীরে। শুক্রবার (২৫ জুন) সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের হিসেবে এমন তথ্য দিয়েছে আনন্দবাজারসহ একাধিক সংবাদ মাধ্যম।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, নতুন করে ৫১ হাজার ৬৬৭ জনের শনাক্তের মধ্য দিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫ জনে।

গত তিন দিন ধরেই দেশটিতে দৈনিক মৃত্যু প্রায় একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জন রোগীর। সবমিলিয়ে করোনায় মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জনে।

দৈনিক আক্রান্ত এবং মৃত্যু একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ১২ হাজার ৮৬৮ জন।