ভারতে একদিনে রেকর্ড আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতে লকডাউন শিথিল করার পর থেকেই প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। যা একদিনে আক্রান্তের হিসাবে সর্বোচ্চ।

সংক্রমণের এমন প্রবণতায় আশংকা করা হচ্ছে, আর দুই-একদিনের মধ্যেই বৈশ্বিক তালিকায় রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে চলে যাবে ভারত। এখন রাশিয়া থেকে মাত্র ১৭ হাজার পেছনে রয়েছে ভারত। দেশটিতে প্রতিদিন আক্রান্ত হচ্ছে ২০ থেকে ২২ হাজার মানুষ, অন্যদিকে রাশিয়ায় আক্রান্ত হচ্ছে ছয়-সাত হাজার করে। বৈশ্বিক তালিকায় বর্তমানে শীর্ষে যুক্তরাষ্ট্র ও তারপরেই ব্রাজিল।

শনিবার (০৪ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ হাজার ৭৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৫ জনে।

এদিকে দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন। শুক্রবার একদিনে এ রাজ্যে মারা গেছেন ১৯৮ জন। এ নিয়ে মোট রাজ্যটিতে মোট প্রাণহানি ঘটলো ৮ হাজার ৩৭৬ জনের।

করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় তামিলনাড়ু রাজ্যে আক্রান্ত এক লাখ পেরিয়ে গেছে। শুক্রবার একদিনে এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ২ হাজার ৭২৭ জন। এ রাজ্যে এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৩৮৫ জন। রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪৭ জন। এ নিয়ে দিল্লিতে মোট আক্রান্ত ৯৪ হাজার ৬৯৫ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৯২৩ জন। এছাড়া পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪৮৮ জন আর মৃত্যু হয়েছে ৭১৭ জনের।

তবে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও, সুস্থ হয়ে ওঠার সংখ্যাও স্বস্তি দিচ্ছে ভারতবাসীকে। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন। সুস্থ হওয়ার হার ৬০ শতাংশ। এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন। সূত্র-এনডিটিভি।