ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

অনলাইন ডেস্ক।।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ এটি শক্তি সঞ্চয় করছে। বাংলাদেশ উপকূল থেকে দূর সমুদ্রে ঘূর্ণি বাতাস প্রবল হতে শুরু করলেও এখনো পুরোপুরি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। তবে ক্রমেই তা তীব্রতা বাড়াতে শুরু করেছে। সমুদ্র উত্তাল করে সেখানেই ফুঁসছে ঘূর্ণিঝড় আমফান। এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার এটি অভিমুখ পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে আরো অগ্রসর হয়ে উপকূলভাগে ধেয়ে আসতে পারে।

শুক্রবার(১৫ মে) দিবাগত রাতে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ওড়িশার ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপটি এখন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে।

এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনীপুরে হালকা, মাঝারি, কোথাও ভারী বর্ষণ হতে পারে। সঙ্গে উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া।

বাংলাদেশের আবহাওয়া অফিসও নিম্নচাপের একই তথ্য দিয়েছে তাদের সবশেষ পূর্বাভাসে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।