ভাস্কর মৃণাল হক মারা গেছেন

অনলাইন ডেস্ক।।
দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক মারা গেছেন। গুলশানের নিজ বাসায় শুক্রবার আনুমানিক রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মৃণাল হকের বয়স হয়েছিল ৬২ বছর।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মৃণাল হক ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে মৃণাল হকের অক্সিজেনের মাত্রার পাশাপাশি সুগার লেভেলও কমে যায়। পরে এভারকেয়ার হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খ্যাতিমান এ ভাস্কর মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি নিজ উদ্যোগে নির্মাণ করেন। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তার অনেকগুলো ভাস্কর্য রয়েছে।